আন্তর্জাতিক

আসাদের পতনের পর প্রথম পার্লামেন্ট নির্বাচন আয়োজন করছে সিরিয়া

সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এটি হবে নতুন কর্তৃপক্ষের অধীনে দেশটির প্রথম নির্বাচন।

আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এই বিভাগের আরও সংবাদ

সিরিয়ার জনগণের পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উচ্চকমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানাকে জানান, ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নতুন গঠিত ২১০ আসনের পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ সরাসরি নিয়োগ দেবেন, বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল-দাঘিম সম্প্রতি এরেম নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনগুলোতে ভোট প্রদান করবে।

আল জাজিরা বলছে, সিরিয়ায় এমন সময় নির্বাচনের ঘোষণা এলো, যখন দেশজুড়ে নতুন সরকার নিয়ে মতবিরোধ বাড়ছে। চলতি মাসের শুরুতে সুইদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছেন, যা দেশটির যুদ্ধোত্তর উত্তরণ প্রক্রিয়াকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে আসাদের শাসনের অবসান ঘটে।

এই বিভাগের আরও সংবাদ