রাজনীতি

সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা। সামরিক বাহিনীর এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার)-তে করে ঘটনাস্থল ত‍্যাগ করেন তারা।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহিন সংবাদমাধ্যমকে জানান, আজ বিকেল ৫টার পরে তারা গোপালগঞ্জ থেকে বের হয়ে যান। কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে সামরিক বাহিনীর এপিসিতে উঠতে দেখা যায়।

এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে জেলাটি। সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর গোপালগ‌ঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এই বিভাগের আরও সংবাদ