রাজনীতি

সংস্কারের নামে হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে সরকার

বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের ছবক দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করবেন।

মৎস্যজীবী দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের ছবক শোনাচ্ছে। ফ্যাসিবাদকে দাফন করতে হলে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না আসলে সংকট দূরীভূত হবে না’।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপির এই নেতা আরও বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারত লাগাতারভাবে এদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, এ জন্য আমরা সমালোচনা করি। এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া না হয় যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়। নিজেদের ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না।’

মহানগর মৎস্যজীবী দল আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মৎস্যজীবী দল কেন্দ্রীয় সাবেক সদস্যসচিব আব্দুর রহিম, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মৎস্যজীবী দলের সদস্যসচিব নাসির উদ্দিন জাহান সাগরসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ