প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার দাবি জামায়াত আমিরের


বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসীদের ভোটার করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) দলের নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ১ কোটি ১০ লাখ প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা দেখা যাবে না। রেমিট্যান্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেওয়া হবে নির্মম উপহাস। এতে দেশের অর্থনীতি করুন পরিণতির দিকে যাবে। এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, জীবন বাজি রেখে যারা দেশ পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন। তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, ফ্যাসিজম রয়ে গেছে। এর কালো ছায়া এখনো জাতির কাঁধে রয়ে গেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের নিবন্ধন বাতিলের সঙ্গে যারা বাতিল করেছিল, যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল তাদের নিয়ে তেমন কোন চিন্তা আমরা করিনি। তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা চিন্তা করব।
আদালতের রায় অনুযায়ী জামাতের নিবন্ধন ও প্রতীক অফিসিয়ালি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনে প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবেন বলে আমরা আশা করি। এ জন্য জামায়াত সব ধরনের সহযোগিতা দেবে। কিন্তু কোনো ব্যতিক্রম দেখলে জামায়াত চুপ থাকবে না।





