স্বাধীনতার পর প্রথমবারের মতো কমছে বাজেটের আকার


দেশের ইতিহাসে প্রথমবার বাজেটের আকার কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৫ শতাংশ।
মূল্যস্ফীতির উচ্চ চাপ, বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট।
জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতাভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরায় চেষ্টায় আকার কমিয়ে হতে পারে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যেখানে মূল্যস্ফীতি ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ; জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় কমছে।
অর্থবছরের শেষ মাস জুনের প্রথম বৃহস্পতিবারকে বাজেট ঘোষণার জন্য বেছে নেয়া হলেও এবার তাতেও ব্যতিক্রম। বেতার ও টেলিভিশনের পর্দায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করছেন ২ জুন, সোমবার, বিকেল ৩টায়। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। রেওয়াজ অনুযায়ী থাকবে বাজেটোত্তর সংবাদ সম্মেলনও।
রাজস্ব আয়ের সিংহভাগ অর্থের জোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন অর্থবছরে সংস্থাটির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় ৫ লাখ কোটি টাকা। ঘাটতি পূরণে আগের মতই বিদেশি উৎসের চেয়ে ব্যাংক ঋণেই থাকছে নির্ভরতা। সব মিলিয়ে ঘাটতি হতে পারে জিডিপির ৪ শতাংশের মত।





