পিরোজপুর

পিরোজপুরে নিম্নচাপের প্রভাবে তলিয়ে গেছে নিম্ন অঞ্চল

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে নিম্নচাপের প্রভাবে তলিয়ে গেছে নিম্ন অঞ্চল। টানা দুই দিনের বিরামহীন বর্ষণে ও জোয়ারের অতিরিক্ত পানির কারনে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইন্দুরকানীর বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। কষ্টে দিন পার করছেন নিম্নআয়ের সাধারণ মানুষ।

উপজেলার টগড়া, কলাইয়া, সাঈদখালী, গাবগাছিয়া, চরবলেশ্বর, ইন্দুরকানী, চাড়াখালী, ভবানীপুর বালিপাড়া, ঢেপসাবুনিয়া ও কলারণসহ নদীতিরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে। প্লাবিত হয়ে কাঁচা বশতঘর, কলাক্ষেত, আমন ক্ষেত, মাছের ঘের ও পানের বরজসহ কৃষকদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

অপরদিকে কচাঁ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চরখালী-টগড়া দুটি ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় পিরোজপুর-মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পাথরঘাটা, বরিশাল রুটের ফেরী বন্ধ রয়েছে।

এদিকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ইন্দুরকানীর বাসাবন, ইন্দুরকানী- কালাইয়া সড়র, টিএনটি সড়ক ও উপজেলার পিছনের সড়কসহ বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়াও জেলার পিরোজপুর সদর, কাউখালী, নেছারাবাদ, নাজিরপুর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার নদী পাড়ের এলাকাগুলো প্লাবিত হয়েছে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিলন তালুকদার জানান, বুধবার থেকে ভারী বর্ষণে নদ-নদীর পানি স্বাভাবিকের থেকে বেশি বেড়েছে। নিম্নচাপের কারণে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।

এই বিভাগের আরও সংবাদ