ক্যাম্পাস

অভিভাবকহীন কুয়েট, স্থবির হয়ে পড়ছে প্রশাসনিক কর্মকান্ড

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : দশ দিন অতিবাহিত হলেও দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অভিভাবকহীন সকল প্রশাসনিক কর্মকান্ড স্থবির ।উপাচার্যের স্বাক্ষরের অভাবে আটকে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১শত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন, ভাতা এবং ঈদুল আযহার উৎসব ভাতা। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, কর্মকর্তারা।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক নিম্ন আয়ের কর্মচারী ও আউটসোর্সিংয়ের ৩০ জন নিরাপত্তাকর্মী। তারা এখনও এপ্রিল মাসের বেতন পায়নি।

বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কাজের বিলে উপাচার্যের স্বাক্ষরের অভাবে ৬’শ কোটি টাকার উন্নয়ন কাজ থমকে যাওয়ার উপক্রম হয়েছে।বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আর্থিক ক্ষমতা উপাচার্যের হাতে । তার স্বাক্ষর ছাড়া এক টাকারও বিল পাস হয় না। প্রতিমাসে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষক, দুই শতাধিক কর্মকর্তা এবং পাঁচ শতাধিক কর্মচারীর বেতনের বিলে স্বাক্ষর করে থাকেন। কিন্তু অনুপস্থিত এবং পদত্যাগ মিলিয়ে দশ দিন অতিবাহিত হলেও উপাচার্য নেই কুয়েটে।এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন, , ঈদ উৎসব ভাতা, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের বিলসহ যাবতীয় আর্থিক কার্যক্রম বন্ধ রয়েছে। সরকার নতুন উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত এ সমস্যার সুরাহা কোনোভাবে সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয়ের ৩০ জন আউটসোর্সিংয়ের নিরাপত্তা কর্মীর সুপারভাইজার মোঃ সুমন সরদার জানান দুই মাস বেতন বন্ধ। সবাইকে ধার-দেনা করে চলতে হচ্ছে। আরো বলেন, সবারই পরিবার আছে। সামনে ধর্মীয় উৎসব অথচ এখন আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ড. জুলফিকার হোসেন জানান , বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। উপাচার্যের স্বাক্ষরের অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধ বন্ধ রয়েছে। ঈদের আগে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে বিল দিতে না পারলে ঈদের পর তারা কাজ বন্ধ করে দিবে বলে এমন আভাস দিয়েছে। তিনি বলেন, উপাচার্য নিয়োগ না হলে বিশ্ববিদ্যালয়ের চলমান ৬০০ কোটি টাকার উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে।

অপরদিক বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশিদ বলেন, “উপাচার্য না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত ঠিকাদারগণকে সময়মতো বিল দিতে না পারায় তারা কাজের গতি কমিয়ে দিয়েছে । এভাবে চলতে থাকলে চলমান উন্নয়ন কাজ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিবে। তিনি বলেন, সংকট নিরসনে অতি দ্রুত একজন যোগ্য এবং কর্মঠ উপাচার্য নিয়োগের দাবি কুয়েট পরিবারের।

উল্লেখ্য, শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে ১৯ মে অন্তবর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হযরত আলী দাপ্তরিক কাজের কথা বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর দুইদিন পর ২২ মে তিনি পদত্যাগ করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এই বিভাগের আরও সংবাদ