ক্যাম্পাস

বিতর্কিত ব্যক্তির নামে হল: পরিবর্তনের দাবিতে স্মারকলিপি ছাত্র ইউনিয়নের

ইবি প্রতিনিধি: বিতর্কিত শাহ আজিজুর রহমানের নামে আবাসিক হলের নামকরণ পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। মাওলানা ভাসানীর নামে হলটির নামকরণের আহ্বান জানান সংগঠনটি।

শনিবার (৮ মার্চ) বিকেলে উপাচার্যের অবর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে সংগঠনটি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪টি আবাসিক হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। শাহ আজিজুর রহমানের একজন চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী ছিলেন। শাহ আজিজুর রহমানের মতো একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর নামে আবাসিক হলের নামকরণ জাতির জন্য এক কলঙ্কজনক সিদ্ধান্ত। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থিও।’

স্মারকলিপিতে তারা আরো বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের হাতে লুট হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বৈষম্যহীন দেশ গড়ার শপথই ছিলো জুলাই অভ্যুত্থানের স্পিরিট। সেখানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শাহ আজিজুর রহমানের নামে আবাসিক হলের নামকরণের মধ্য দিয়ে ইবি প্রশাসন মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে আমরা মনে করি।

মূলত শাহ আজিজুর রহমান ছিলেন একাত্তরে পাকিস্তান ন্যাশনাল লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের আবদুল মোতালেব মালিকের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হন এবং রাজস্বমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। যুদ্ধের সময় পাকিস্তান কর্তৃক জাতিসংঘে পাঠানো প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন।

এছাড়াও তিনি ১৯৫২ খ্রিষ্টাব্দে ভাষা আন্দোলনের বিরুদ্ধেও অবস্থান নিয়ে ছিলেন। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হলের নামকরণের ঘটনায় ক্ষুব্ধ ছাত্র ইউনিয়ন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।’

এই বিভাগের আরও সংবাদ