ক্যাম্পাস

ইবির মুজিব হলে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন

ইবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্লান্টটি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটি এম মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বিশুদ্ধ পানির সমস্যা দীর্ঘদিনের। ফলে হলের আবাসিক শিক্ষার্থী বিভিন্ন সময়ে প্রভোস্টের কাছে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপনের দাবি জানায়। তাই হলের দুইটি ব্লকে এই প্লান্ট স্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে সবগুলো ব্লকেই স্থাপন করা হবে বলে জানা যায়। সুপেয় পানির ফিল্টারটি পানিতে থাকা আয়রন, ম্যাঙানিস, হাইড্রোজেন সালফাইড এবং ফেরাস ও ফেরিক আয়রন অপসারণ করতে সক্ষম।

হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন, আমরা আপাতত দুইটি ব্লকে প্লান্ট স্থাপন করেছি। পরবর্তীতে অন্যান্য ব্লকেও স্থাপন করা হবে। আমি থাকা অবস্থায় এই হলকে একটি মডেল হল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহ বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। নিরাপদ পানি পাওয়া শিক্ষার্থীদের অধিকার। এমন একটি শিক্ষার্থীবান্ধব কাজ করায় বঙ্গবন্ধু হল প্রশাসনকে আমি সাধুবাদ জানাই। আগামীতেও এমন শিক্ষার্থীবান্ধব কাজে প্রভোস্ট মহোদয় এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করি।

এই বিভাগের আরও সংবাদ