ব্যর্থতার দায় নিয়ে বাটলারের পদত্যাগ


ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দল ইংল্যান্ড। ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব ছাড়লেন বাটলার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জস বাটলার। তিনি বলেছেন, ‘আমি ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে পদত্যাগ করতে যাচ্ছি। এটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্যও সঠিক সিদ্ধান্ত। আশা করি, নতুন কেউ আসবে যে বাজ (ব্রেন্ডন ম্যাককালাম) এর সঙ্গে দলের নেতৃত্ব দেবে এবং দলকে সেখানে নিয়ে যাবে যেখানে দলের থাকা উচিত।’
অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বাটলার জানিয়েছেন, ‘অনুভূতি এখনও দুঃখ এবং হতাশায় জর্জরিত। আমি নিশ্চিত, সময়ের সাথে সাথে এটি চলে যাবে এবং আমি আবার ক্রিকেট উপভোগ করতে পারব এবং (আমি) এটি চিন্তা করতে পারব যে নিজ দেশের অধিনায়ক হওয়া কতটা বিশাল সম্মান এবং এর পাশাপাশি যেসব বিশেষ ব্যাপার আসে সেগুলোও।
ইয়ন মরগানের পর ২০২২ সালের জুন মাসে ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন জস বাটলার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাটলারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। তবে এরপর থেকেই শুরু হয়েছে অধঃপতন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। এবার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড।





