ক্যাম্পাস

ইবিতে তিন দিনব্যাপী বই মেলা শুরু

ইবি প্রতিনিধি: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী।

উদ্বোধন শেষে উপ-উপাচার্যের নেতৃত্বে মেলার স্টল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের মেলায় থাকছে বিভিন্ন বিভাগ ও সংগঠনের ৫০ টি স্টল। অনুষদ ভবনের পার্শ্ববর্তী আমবাগানে আগামী রবিবার পর্যন্ত চলবে এ মেলা।

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড.এম এয়াকুব আলী বলেন, শুধু একুশে স্মরণ নয় বরং আমাদের জাতীয় চেতনা ও অস্তিত্বের স্বাক্ষর বহন করে এই অমর একুশে বইমেলা। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের কার্যক্রমের বহিঃপ্রকাশ ঘটবে। বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীরা দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লব স্লোগান ছিল মেধা, মেধা, মেধা। মেধার কোনো বিকল্প নেই। আর মেধাকে বিকশিত করে বই। বই পড়লে নিজের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নত হয়। তাছাড়া বইমেলার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে একটি পারস্পরিক সু-সম্পর্ক গড়ে উঠবে। যার ফলে শিক্ষাঙ্গন গুলো অস্ত্রের ঝনঝনানি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা নিরাপদ থাকবে। আমি আশাকরি বইমেলা সুন্দরভাবে সমাপ্ত হবে।

এর আগে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর একে একে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা জানায়। সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পতাকা জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তেলন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ