মাগুরায় বিএনপি নেতার ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা


মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: মাগুরা সদরের বেরইল পলিতা বাজারের একটি সেলুনের দোকানে ডুকে বৃহস্পতিবার দুপুরে শরিফুল ইসলাম (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত শরিফুল ইসলাম বেরইল পলিতা ইউনিয়নের ডহর সিংড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আকবার মোল্যার পুত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শরিফুল পলিতা বাজারের একটি সেলুনের দোকানে বসে ছিলেন। সেখান থেকে প্রতিপক্ষের লোকজন পূব শত্রুতার জেরে তাকে একাধিক ব্যাক্তি মিলে কুপিয়ে হত্যা করে। এসময় ধারালো অস্ত্রের কোপে তার একটি পা আলাদা হয়ে যায়।
এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকায় আকবর শেখ ও রাজা গাজীর সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রাজা গাজীর লোকজন শরিফুলকে হত্যা করে।
এবিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাতে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।





