ভারতস্থ বাংলাদেশী হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ


রবিউল আলম, ইবি: ভারতের আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) পূর্বঘোষিত রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; আমাদের সংগ্রাম, চলছে চলবে; পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি; আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান” ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতের আগরতলায় ঘটে যাওয়া আজকের ঘটনাটা পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। বেনাপোল সীমান্ত দিয়ে প্রত্যেকদিন ভারতে প্রবেশ করে ১৫ হাজার লোক। আর তোমরা আমাদের ভিসা বিক্রি করে খাও, এদিকে বুড়ো আঙুল দেখাও? এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যারা আঙুল তুলবে তাদের আঙুল ভেঙে ফেলা হবে। যেদিন থেকে বুঝতে পারবেন ভারত আমাদের শত্রু সেদিন থেকে দেশপ্রেম শুরু হবে। আজকে যারা ভারতের পক্ষে কথা বলে তারা ইসকনের দোসর, তারা দেশের ও দশের শত্রু।
তারা আরও বলেন, ভারতের চারপাশে চীন, নেপালের সাথেও সম্পর্ক রাখতে পারেনি শুধু মাত্র আধিপত্যবাদের কারণে। বাংলাদেশে তারা আওয়ামী লীগের ওপর ভর করে পরিচালিত হতো, এখন সেই আধিপত্যের প্রভাব দেখাতে না পেরে এখন বিভিন্ন ধরনের উস্কে দিয়ে যাচ্ছে।
এসময় ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, যে দেশ গণহত্যার দায়ে অভিযুক্ত ফ্যাসিস্ট সরকারকে আশ্রয় দিতে পারে সেই দেশ আমাদের কখনও বন্ধুদেশ হতে পারে না। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই না। গণহত্যার দায়ে শেখ হাসিনা যেমন দোষী সেই দোষ ভারত এড়াতে পারে না। আমরা অস্তিত্বের প্রশ্নে কখনও ছাড় দিতে চাই না, সেটা ভারত হোক কিংবা আমেরিকা বা পাকিস্তান। আমি ঢাকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দদের আহ্বান করবো- অস্তিত্বের প্রশ্নে প্রয়োজনে ভারতে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেন। আমরা কারো গোলামী হয়ে থাকতে চাই না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইবির সকল ছাত্রজনতা ও ছাত্র সংগঠনের সাথে আমরা ঐক্যের মতবিনিময় করতে চাই যারা আমাদের সাথে লড়াই করেছিল যেভাবে আমরা একসাথে লড়াই করে ফ্যাসিস্ট সরকারকে পতিত করছি কিন্তু এখন আরও বড় পরিসরে আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা লাগবে।





