মাদকমুক্ত ক্যাম্পাস গড়াসহ ভিসি বরাবর ইবি ছাত্রদলের ১৯ দফা


রবিউল আলম, ইবি প্রতিনিধি: স্বৈরাচার দোসরদের চিহ্নিত করে বিচারের দাবি, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা, গণহত্যার দোসর ব্যতিত সকল রাজনৈতিক পক্ষগুলোর সহাবস্থান নিশ্চিত করা ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধসহ ১৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ স্মারকলিপি প্রদান করে দলটির নেতাকর্মীরা। এসময় আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাব্বির হোসেন, তরীকুল ইসলাম সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন স্মাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার, হল গুলোতে খাবারের মান বাড়াতে ভর্তুকি বৃদ্ধি, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অতিরিক্ত ফি নেয়ার সিদ্ধান্ত কমানো, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের যে লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তা বাস্তবায়ন করা, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসহ বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে হয়রানি নিরসন করা, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে নিষিদ্ধ সংগঠন ও গণহত্যার দোসর ব্যতিত বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সকল রাজনৈতিক পক্ষগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে এসে সকলের সহাবস্থান নিশ্চিত করা, দীর্ঘ ১৬ বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠাকারী স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, বাধাহীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার পরিবেশ নিশ্চিত করা, নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন নিশ্চিত করা, ক্যাম্পাসে র্যাগিং সম্পূর্ণভাবে নির্মূল করতে যথাযথ পদক্ষেপ নেয়া, সেশনজট নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা, আলোর স্বল্পতা নিরসনে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রে আধুনিক চিকিৎসা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়া, মেধার ভিত্তিতে আবাসিক হল গুলোতে শিক্ষার্থীদের আবাসিকতা নিশ্চিত করা এবং দ্রুতগতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত করা, প্রত্যেক বিভাগের শ্রেণিকক্ষ সংকট নিরসন ও আবাসিক হল গুলোর রিডিং রুমে পড়াশোনার প্রয়োজনীয় সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করা এবং কেন্দ্রীয় লাইব্রেরী প্রত্যেকদিন খোলা রাখা ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ফিটনেস বিহীন পরিবহন নিষিদ্ধসহ পরিবহন ব্যবস্থায় ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয় ডায়েরি ও ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দাবিগুলোর মধ্যে কোনো দলের স্বার্থ নেই। সবই শিক্ষার্থীদের দাবি। তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীবান্ধব দাবিগুলো যথাসম্ভব পূরণ করব।





