ক্যাম্পাস

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইবি সিআরসি স্কুলের বিশেষ আয়োজন

রবিউল আলম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত পাঠদানের পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে। এরই অংশ হিসেবে উন্নত মানের বিশেষ ভোজের আয়োজন করে সিআরসি।

শুক্রবার (১৫ নভেম্বর) জুমার নামাজের পর সিআরসি স্কুলের শিশুদের নিয়ে বিশেষ এক বেলার উন্নত মানের আহারের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি স্কুলের ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি মোঃ শাহীদ কাওসার, সহ-সভাপতি মোঃ মোরছালিন এবং সাবেক স্কুল শিক্ষক মোহসিনা ঐশী।

এসময় সিআরসি’র ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমরা এই শিশুদের শুধু শিক্ষাদানের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করছি না, বরং তাদের মানসিক বিকাশ ও মৌলিক চাহিদা পূরণের দিকেও আমাদের সাধ্যমতো নজর দিচ্ছি। আজকের এই আয়োজন তাদের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি ক্ষুদ্র উদাহরণ, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার সাহস পায়।”

সংগঠনটির সাবেক সভাপতি মোঃ শাহীদ কাওসার বলেন, “এ ধরনের আয়োজনে অংশগ্রহণ সবসময়ই আমার জন্য গর্বের বিষয়। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের এই উদ্যোগ সমাজে পরিবর্তন আনার একটি প্রয়াস। আমাদের এই ভালোবাসা ও সহানুভূতি তাদের জীবনের বড় প্রেরণা হতে পারে।”

সহ-সভাপতি মোঃ মোরছালিন বলেন, “এই আয়োজন শুধু এক বেলার খাবার নয়, বরং শিশুদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করার একটি প্রয়াস। সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য আমাদের এই ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ।”

স্কুল শিক্ষক মোহসিনা ঐশী বলেন, “শিশুদের মধ্যে এই আয়োজনে যে আনন্দের ঝিলিক দেখা যায়, তা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। এরা আমাদের ভবিষ্যৎ, এবং তাদের প্রতি যত্নশীল হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই আয়োজন শিশুদের জন্য আমাদের ভালোবাসা ও সহানুভূতির নিদর্শন।”

এই বিশেষ আহার আয়োজনের মাধ্যমে সিআরসি’র সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সমাজের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেছেন। সিআরসি’র সদস্যরা শিশুদের জীবনের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তাদের কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ