ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক একাউন্টিং দিবস ২০২৪ উদযাপিত

রবিউল আলম, ইবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে ‘সুশাসনের জন্য হিসাব বিজ্ঞান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক একাউন্টিং দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে সমাপ্ত হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড শেলীনা নাসরীন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড মো জাকির হোসেন, একই বিভাগে শিক্ষকবৃন্দ ও বিভাগের দু’শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সভাপতি অধ্যাপক ড মো জাকির হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক একাউন্টিং দিবস ২০২৪ আয়োজন করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস দেশব্যাপী জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একাউন্টিং খুবই জরুরি। এজন্যই আমাদের এই উৎসব।

উল্লেখ্য, একাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে এ দিবসটি উৎযাপিত হয়।

এই বিভাগের আরও সংবাদ