মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নি পূজায় মানুষের ঢল; নিরাপত্তা জোরদার


মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, মাগুরা : সারা দেশের ন্যায় মাগুরাতেও শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী কাত্যায়নি পূজা। গত বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে এই পূজা। চলবে একটানা পাঁচ দিন। এই পূজাকে কেন্দ্র করে মাগুরায় চলছে উৎসবের আমেজ।
এবছর মাগুরা জেলায় মোট ৮১টি মন্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে প্রতিটি মন্ডপকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। আলোকসজ্জা, ঢাকের বাদ্য আর উলুর ধব্বনিতে মুখোরিত হচ্ছে গোটা মন্ডপগুলো। পূজারি আর ভক্তরা মেতেছেন প্রার্থনায়। তারা বলছেন জগতে মঙ্গল কামনায় পৃথিবী থেকে সব অশুভ শক্তি দূর হোক ,শান্তি বিরাজ করুক জগতজুড়ে।
হিন্দু সম্প্রদায়ের লোকেরা জানায়, কয়েক দশক আগে মাগুরা শহরের পারনান্দুয়ালী জনৈক সতিশ মাঝি নামে একজন লোক কাত্যায়নি পূজা শুরু করেন। এরপর থেকেই মাগুরাতে এই পূজা সার্বজনীন উৎসব হিসেবে পালিত হয়েছে আসছে। শারদীয় দূর্গা পূজার ঠিক একমাস পরে শুরু হয় এই কাত্যায়নি পূজা। পূজায় ব্রতের মাধ্যমে দেবী দূর্গার আরাধনায় মাতেন ভক্তরা।
সরেজমিনে শহরের নিজনান্দুয়ালী, জামরুলতলা ,ছানা বাবুর বটতলা সহ অন্যান্য মন্ডপগুলো ঘুরে দেখা গেছে প্রত্যেক মন্ডপে মন্ডপে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে ও শহরজুড়ে টহল রয়েছে। পূজা নিরাপদ ও নির্বিগ্নে করতে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
প্রতিবছর দেশ ও দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ মানুুষের আগমন ঘটে মাগুরায় ঐতিহ্যবাহী এই পূজা দেখতে। এবছরেও তার কোনো কমতি নেই। আগামীতে এভাবে শান্তি ও শৃঙ্খলায় নিয়ে অনুষ্ঠিত হবে এই পূজা এমনটাই আশা করছেন সবাই। আগামী সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পূজার সকল আনুষ্ঠানিকতা।





