ক্যাম্পাস

আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই: ইবি উপাচার্য নসরুল্লাহ

রবিউল আলম, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, হাজারো রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা আর পেছনের ঘুঁণে ধরা বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই। তোমাদেরকে এই সংস্কারে অংশ নিতে হবে, নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।

বুধবার (৬ নভেম্বর) মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩৭ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৩০তম) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইবি উপাচার্য।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে থাকলে স্টুডেন্ট ইভালুয়েশন চালু করবো। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে জীবনে তোমরা ঢুকছো, তা দায়িত্বপূর্ণ। সেই দায়িত্ব পালন করতে হলে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আর সৎ হতে হবে। তুমি যদি সৎ না হও, প্রতিনিয়ত তোমার হৃদয়ের এবং বিবেকের সাথে তোমার দ্বন্দ্ব করতে হবে, আর তার মত কষ্ট আর কখনোই তুমি পাবে না। আরেকটি জিনিস, তুমি যদি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে তোমার প্রতিশ্রুতি থাকতে হবে এবং সময় অনুসারে তোমার কাজ করতে হবে। কোন জিনিস অর্জন করতে হলে সময়কে সাথে বাঁধতে হবে। আর আল্টিমেটলি মনের মধ্যে এই চেতনা জাগ্রত করতে হবে আমি শুধু আমার জন্য না। পৃথিবীটা সুন্দর হবে না যদি আমরা অন্যের জন্য কাজ না করি।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি বিশ্বাস করি শিক্ষকদের কাছ থেকে আহরিত জ্ঞান একাডেমিক, রিসার্চে এবং অন্যান্য জায়গায় বাস্তবায়নের জন্য সাধ্যমতো চেষ্টা করেছো। এখন সময় এসেছে যা আহরণ করেছো সেই জ্ঞান জাতীয়ভাবে বিতরণের পালা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ অতীত হয়ে যাবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ও অতীত হয়ে যাবে কিন্তু বাংলাদেশ আর অতীত হবে না। আর তোমার পরিচয় হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তোমাদের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করবে।

কিন্তু আসল পরিচয় দেশের সাথে। আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রফেশনাল লাইফে অনেক অপশন তোমাদের আছে। আইটি বেজড্ অনেক আইন তৈরি হচ্ছে। আইনের স্টুডেন্ট হিসেবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন পড়েছো। তুমি সেখানেও লিড করতে পারবে। প্রত্যেকটা কর্পোরেট সেক্টরে লিগাল এডভাইজার লাগে। কারণ লিগালাইজেশন ছাড়া কোনো কিছুই চলে না। অতএব তোমাদের যে স্কোপ, তোমাদের যে সম্ভবনা সেটা তোমরা চমৎকারভাবে কাজে লাগাতে পারো।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. নুরুন্নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন, ড. মাকসুদা আক্তার মুনিয়া, অধ্যাপক ড. আনিচুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুন প্রমুখ। অনুষ্ঠানে উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট এবং বিদায়ী শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ক্রেস্ট প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন শেখ ফারহা শারমিন বিন্দু এবং শাহরিয়ার কবীর রিমন।

এই বিভাগের আরও সংবাদ