ইবির ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্টের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ


রবিউল, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় হল প্রভোস্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মোঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু সিনা ও অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান, অধ্যাপক ড. রাশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের সদস্য ও সাংবাদিকবৃন্দ।
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান বলেন, আজকের এই দিনটি আমার জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর একটি। দিনটি অত্যন্ত ভালো লাগার দিন, অত্যন্ত আনন্দের দিন। কারণ এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি আজ। আমি আপনাদের বলবো আমি যেদিন চলে যাবো সেদিন যেনো এই ভালোবাসা অটুট থাকে। আর সে ভালোবাসা নিয়ে যাওয়ার জন্য ঠিকভাবে যেনো কাজ করে যেতে পারি সেই দোয়া প্রত্যাশা করছি সবার নিকট। আমি ছাত্রীদের সাথে এখনই মতবিনিময় করছি। পর্যায়ক্রমে সবার সমস্যা শুনে সকল সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ।





