ক্যাম্পাস

শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আবাসিক হল পরিদর্শনে ইবি উপাচার্য

রবিউল, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলের রিডিং রুম এবং ডাইনিং পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় হলের সার্বিক বিষয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন তিনি।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং ও রিডিং রুম পরিদর্শন করেন উপাচার্য। এসময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, হল প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক পর্ষদ-সহ অন্য আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আবাসিক শিক্ষার্থীরা জানান, হঠাৎ হলে প্রবেশ করে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়াটা জিয়া হলের ইতিহাসে প্রথম দেখলাম। দাবিদাওয়া বলার জন্য কোনো অভিভাবক পাইনি। আজকে হল পরিদর্শন করায় জিয়া হলের পক্ষে থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

শিক্ষার্থীরা এসময় রিডিং রুমে পর্যাপ্ত চেয়ার ও সিসি ক্যামেরা স্থাপন, ওয়াইফাই গতি বৃদ্ধি, আশেপাশের ঝোপঝাড় পরিচ্ছন্ন রাখা-সহ ডাইনিং এর খাবারের মান বৃদ্ধির দাবি উত্থাপন করেন।

পরিদর্শনকালে হলের উন্নয়নে শিক্ষার্থীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে প্রভোস্টের মাধ্যমে সার্বিক পরিবর্তনের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় তিনি রিডিং রুমে একটা লাইব্রেরি করা, সিসিটিভির জন্য আইসিটি সেলে অবহিত করা, ডাইনিং এর আসবাবপত্র নবায়ন করা, ডিবেটিং সোসাইটির জন্য একটা রুমের ব্যবস্থা করা-সহ পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে রাত ১১ টায় হল গেইট বন্ধ রাখতে প্রভোস্টের সাথে পর্যালোচনা করতে দেখা যায়।

এর আগেও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও জাতির জনক বঙ্গবন্ধু হল-সহ অন্যান্য হলগুলো পরিদর্শন করলেন উপাচার্য।

এই বিভাগের আরও সংবাদ