“আমি ব্যর্থ” সুসাইড নোট লিখে ইবির মেধাবী শিক্ষার্থীর আত্মহত্যা


কুষ্টিয়া প্রতিনিধিঃ আমি ব্যর্থ, আজকে আমার শেষ দিন, অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না, আশেপাশে সকলের কাছে বোঝা। সুসাইট নোট লিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আদনান ফেরদৌস আত্মহত্যা করেছে।
তিনি আত্মহত্যার পূর্বে সুসাইড নোটে লিখেছেন, ব্যর্থতার কারণ খুজতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি অতল এক গহ্বরে। অনেক বড় বড় স্বপ্ন দেখছিলাম কিন্তু কীসের জন্য যেন সবকিছু খাপছাড়া লাগে। আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়’এই লাইনটা বোধহয় আমার জন্যই। এই ছোট্ট জীবনে যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করবেন আশা করি। সবাই ভালো থাকবেন। খুব সম্ভবত এই পৃথিবীতে আজকে আমার শেষ দিন।
সবকিছু কেমন যেন অসহনীয় হয়ে উঠছে। মনে হয় কোন কিছুর অভিশাপে অভিশপ্ত হয়ে আছি। অনেক চেষ্টা করেও অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। দিনশেষে এইটুকুই উপলব্ধি করতে পারলাম মানুষ হিসেবে আমি ব্যর্থ। আমি আমার আশেপাশের সবার জন্য একটা বোঝা। সবশেষে এইটাই উপলব্ধি করতে পারলাম যে কারো সমস্যার কারণ বা বোঝা হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো।
সুইসাইড নোটে আরো লিখেছেন, ওহ সবচেয়ে গুরুত্বপুর্ণ কথা “আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী”। নোটের শেষে লাশ পোস্টমর্টেম না করার অনুরোধ জানায় আদনান ফেরদৌস।
তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে মানিকগঞ্জে নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা ইসমাইল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আদনানের বাবা জানান, দীর্ঘদিন ধরে তার ছেলে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলো। তার চিকিৎসাও চলছিলো। কিন্তু মঙ্গলবার সে দুনিয়া থেকে চলে গিয়েছে। এসময় সকলের নিকট সন্তানের জন্য দোয়া কামনা করেন তিনি।
এ বিষয়ে ইবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, আদনান উক্ত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তাঁর বাবার অনুরোধে আমি তাকে কাউন্সিল করতাম। হঠাৎ তাঁর মৃত্যুর সংবাদে আমরা ট্যুরিজম পরিবার খুবই মর্মাহত। তাঁর রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
এদিকে এক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর নিয়মিত ক্লাস করতেন তিনি। মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় পড়াশোনা স্থগিত করে দেশের বাহিরে পড়াশোনা করতে যাওয়ার কথা ভেবে প্রায় ৪থেকে ৫ মাস নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গত মঙ্গলবার রাতে সুইসাইড নোট লিখে ইবির মেধাবী শিক্ষার্থী আদনান ফেরদৌস নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।





