লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে ইসকন


পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ আগষ্ট বাড়িঘরে হামলার শিকার সনাতন ধর্মালম্বী পরিবারদের সাথে আলোচনা সভা ও সহযোগিতা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া-সারডুবি মন্দিরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মাচারী।
শ্রীপদ প্রেমকৃষ্ণ প্রেম দাস ব্রহ্মাচারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও গড়েয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ ও ইসকনের সহ-সভাপতি শ্রীপদ ভক্তি বিনয় স্বামী মহারাজ প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫টি সনাতনী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন গৃহ-হস্তান্তর, বস্ত্র ও রান্নার উপকরণসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন ইসকনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় ইসকন বাংলাদেশের সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মাচারী বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে যেমন মুসলমানদের মসজিদ পাহারা দিতে হয় না, মা-বোনদের পাহারা দিতে হয়। বাংলাদেশে যারা সনাতন ধর্মাবলম্বী তাদেরও মন্দির পাহারা দিতে হবে না, মা-বোনদের পাহারা দিতে হবে না।
তিনি আরও বলেন, এই ঘটনা গুলো অনেকে বার ঘটেছে। যখনই ঘটনা ঘটে তখনই সরকারের পরিবর্তন হয়। আর আমাদের হিন্দু সমাজের উপরে আক্রমণ আসে। আমরা আশা করি এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের সুন্দর করে সুরক্ষা দিবেন।
এ সময় তিনি সারাদেশের সনাতনীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ইন্ডিয়াতে যাওয়ার চিন্তা করো না। তোমরা এখানেই থাকো এবং ধুমধামে দুর্গাপূজা উদর্যাপন করো। তোমাদের যত সমস্যা আছে সেগুলো আমাদের বলো। আমরা ইসকন সবসময় তোমাদের সঙ্গে থাকবো।



