অপরাধ ও দুর্নীতি

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে দুই যুবককে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৩ জনের বিরুদ্ধে আরও দুইটি মামলা করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলা দুটির আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না যাত্রাবাড়ি থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

ইমন হত্যা এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহেনাসহ ১০৭ জনকে আসামি করে মামলা করেছেন মা জোসনা। অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আছাদুজ্জামান খান কামাল, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। ইমনের মাথায় গুলি লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিব হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করেছেন রাকিবের মা কহিনূর বেগম। অপর আসামিদের মধ্যে রয়েছেন- আছাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান সজল, হারুনর রশীদ মুন্না, আবু আহমেদ মন্নাফী, কামরুল হাসান রিপন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ির কুতুবখালী টোলপ্লাজার সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাকিব মারা যান।

এই বিভাগের আরও সংবাদ