তদবিরবাজদের বিরক্তে উপদেষ্টারা


সচিবালয়ে উপদেষ্টার দপ্তরের ওয়েটিং রুম ও বারান্দায় অপেক্ষমাণ দর্শনার্থীদের ভিড়। অনেকেই এসেছেন বিভিন্ন তদবির নিয়ে। কেউ এসেছেন নিজের কাজ নিয়ে, কেউ এসেছেন অন্যের হয়ে কিছু বলতে। গত সপ্তাহের কর্মদিবসগুলোতে সচিবালয়ের স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন উপদেষ্টার দপ্তরে এ ধরনের ভিড় দেখা গেছে। এ ছাড়া সচিবদের দপ্তরেও দর্শনার্থীর চাপ প্রচুর। সচিবালয়ে প্রবেশের পাস বন্ধ থাকলেও নানাভাবে ম্যানেজ করে তারা প্রবেশ করছেন সচিবালয়ে।
বেশির ভাগই এসেছেন বিভিন্ন সমস্যা অবহিত করে একটা ভালো বদলি বা পোস্টিং করাতে। আওয়ামী লীগ সরকার পতনের পর সচিবালয়ে আওয়ামী ঘরানার লোকজনের আনাগোনা কমলেও তদবির থেমে নেই। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন এলাকা থেকে উপদেষ্টা ও সচিবদের দপ্তরে প্রতিদিন নানামুখী আবদার নিয়ে হাজির হচ্ছেন অনেকে।
তাদের তদবিরে তটস্থ উপদেষ্টারা। ইতোমধ্যেই এসব তদবির নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রমুখ। তবে তদবির যেন থামছেই না! দেশের বিশিষ্টজনরা মনে করছেন তদবিরবাজদের বিষয়ে সরকার কঠোর না হলে এর লাগাম আরও বেড়ে যাবে। তারা তদবির বিষয়ে বিধিমালা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, আমাদের কাছে প্রতিদিন নানা ধরনের তদবির আসছে- এটা ঠিক। এতে খুবই অসুবিধাও হচ্ছে। কাজের ক্ষতি হচ্ছে। তবে সিদ্ধান্তটা কিন্তু আমরাই নিচ্ছি। তদবির করলেই-সেটি গুরুত্ব পাবে বিষয়টি তেমন নয়।তিনি আরও বলেন, দীর্ঘদিন নানা দাবি-দাওয়ার আন্দোলন চলছিল- সেটা কিন্তু কমে এসেছে। আমরাও এ নিয়ে কাজ করছি। সমন্বয়কদের কিছু বিষয় আছে- আমরা ফাউন্ডেশন করেছি। তবে কর্মকর্তা-কর্মচারীদের তদবির বেশি সেটিও উল্লেখ করেন এ উপদেষ্টা। তিনি বলেন, তদবির কমবেশি আসতেই থাকবে। তবে সবার কথা শুনতে গেলে কাজে ক্ষতি হয়, বিড়ম্বনা হয়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন





