জুন মাসে ইইউতে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে


ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে৷ গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম৷
শুক্রবার এ তথ্য জানায় সংস্থাটি।
তাদের দেওয়া রিপোর্টে বলা হয়, জমা হওয়া মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরীয়রা৷ এরপরে আছেন ভেনিজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকেরা৷ মোট আবেদনের তিন-চতুর্থাংশের বেশি পেয়েছে জার্মানি, স্পেন, ইটালি ও ফ্রান্সের কর্তৃপক্ষ৷
ইউরোস্ট্যাট বলছে, ২.৯ শতাংশ আবেদন এসেছে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে যাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই৷ ২০২৪ সালের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদন পড়েছে ১৬ হাজার ৭৭০টি৷ গতবছরের জুন মাসের চেয়ে হারটি ২৭ শতাংশ কম৷
জার্মানিতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়তে থাকায় সরকার অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠোর করছে৷ গত সোমবার থেকে জার্মানির সব স্থলসীমান্তে পুলিশের নিয়ন্ত্রণ শুরু হয়েছে৷ ছয় মাসের জন্য এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি বেআইনি অনুপ্রবেশ কমাতে চায়৷





