ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ


রাইসির মৃত্যুতে নতুন প্রেসিডেন্টের খোঁজে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ। শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে। গত মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শুক্রবার ইরানিরা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। জনসাধারণের ক্রমবর্ধমান হতাশার এ সময়ে সর্বোচ্চ নেতার প্রতি অনুগত চার প্রার্থী এবার নির্বাচন করছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ( বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়) ভোটগ্রহণ শুরু হবে এবং তা একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে, তবে এরপরও ভোটার উপস্থিতি থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বর্ধিত হতে পারে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে তিনজন কট্টরপন্থি এবং একজন তুলনামূলক মধ্যপন্থি। মধ্যপন্থি ওই প্রার্থীকে সংস্কারবাদী দল সমর্থন করছে।
এছাড়া ভোটগ্রহণের পর যেহেতু ব্যালটগুলো ম্যানুয়ালি গণনা করা হয়, তাই চূড়ান্ত ফলাফল আগামী দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও ফলাফলের প্রাথমিক প্রবণতা বা প্রাথমিক পরিসংখ্যান শিগগিরই সামনে আসতে পারে।
রয়টার্স বলছে, খামেনি অর্থনৈতিক কষ্ট এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার ওপর জনসাধারণের অসন্তোষের কারণে সৃষ্ট বৈধতা সংকট কাটিয়ে উঠতে ‘সর্বোচ্চ সংখ্যক’ ভোটারকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। মূলত রাজনৈতিক ও সামাজিক নানা বিধিনিষেধের কারণে গত চার বছরে দেশটিতে বিভিন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমে গেছে।





