ক্যাম্পাস

ইবির আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুরু

ইবি প্রতিনিধি : ক্রিকেট টুর্নামেন্ট শেষে শুরু হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৪। বুধবার (৫ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রতিযোগিতাটি উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার, দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। ৪০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম ম্যাচটি গোল শূন্য ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দল দুইটি।

খেলার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এইটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বাৎসরিক ইভেন্ট। এই ইভেন্টের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে খেলাধুলায় প্রমাণ করার সুযোগ পায়। তাদের জন্যই আমাদের বিশ্ববিদ্যালয় স্পোর্টস এ অনেক পরিচিত পেয়েছে। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের আনন্দ খুঁজতে হবে। আমি খুব আনন্দিত এজন্য যে, ইসলামী বিশ্ববিদ্যালয় খেলাধুলার একটা ব্রান্ড নেম। বিশ্ববিদ্যালয় ক্রীড়া ফোরামে আমাদের আলাদা একটা অবস্থান আছে, মর্যাদা আছে এবং এর কারিগর হচ্ছেন তাঁরাই।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। আগামী কাল থেকে ক্যাম্পাস বন্ধ হয়ে যাচ্ছে। পরবর্তী ম্যাচ গুলো ক্যাম্পাস খুললে শুরু হবে।আন্তঃবিভাগ শেষ হলে আন্তঃহল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৫ টি আবাসিক ছাত্র হল এ টুর্নামেন্টে অংশ নিবে।

এই বিভাগের আরও সংবাদ