হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনী প্রধানসহ নিহত ১০


হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ায় ১০ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা রয়েছেন। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গবাদি পশু চুরি মোকাবেলা করতে নিয়োজিত সৈন্য পরিদর্শনের জন্য গিয়েছিল। ওয়েস্ট পোকট জেলার চেপ্টুলেল বয়েস সেকেন্ডারি স্কুল থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর এলজিও মারাকওয়েট কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে অন্য আরও ১১ জন সামরিক সদস্যের সাথে ছিলেন জেনারেল ফ্রান্সিস ওমন্ডি । এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান মাত্র দুইজন।
দুর্ঘটনায় নিহত অন্য ৯ জন হলেন- ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, কর্নেল ডানকান কিটানি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, মেজর জর্জ বেনসন মাগোন্ডু, ক্যাপ্টেন সোরা মোহাম্মদ, ক্যাপ্টেন হিলারি লিটালি, এসএনআর সার্জেন্ট জন কিনুয়া মুরেথি, সার্জেন্ট ক্লিফন্স ওমন্ডি এবং সার্জেন্ট রোজ ন্যাভিরা।
এক সংবাদ সম্মেলনে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, এটি দেশের জন্য বড় দুঃখের মুহূর্ত। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে কেনিয়া আজ শুক্রবার থেকে তিন দিনের শোক পালন করবে। এসময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে পূর্ব আফ্রিকার এই দেশটি।





