বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে মেটার প্রতিনিধিদলের সাক্ষাৎ


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেক জায়ান্ট মেটার একটি প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান দপ্তরে ওই সাক্ষাতে উপস্থিত ছিলেন মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার, প্রাইভেসি ও এআই ম্যাটার এক্সপার্ট আরিয়ান জিমেনেজ, কনটেন্ট বিষয় বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ, কনটেন্ট পলিসি বিশেষজ্ঞ জনাথন লুইস এবং পলিসি প্রোগ্রাম ম্যানেজার রুসি টিও। প্রতিনিধি দল বাংলাদেশে তাদের কার্যক্রম এবং বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগসহ ফেসবুকের নানাবিধ সমসাময়িক বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানকে অবহিত করেন।
দীর্ঘ সুসম্পর্কের কারণে বিটিআরসি’র সঙ্গে মেটার কার্যক্রম পরিচালনা সহজতর হওয়ায় চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিভিন্ন ইস্যুতে গুজব ও অপপ্রচার বন্ধে ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এসব প্রতিরোধে আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। দেশে বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুক-ইন্সটাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করায় অপপ্রচার-গুজব দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে উল্লেখ করে এ বিষয়ে দ্রুত কার্যক্রম নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা প্রতারণামূলক কার্যক্রম, বেটিং বা জুয়ার প্রচারণা করতে না পারে ওই বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে অধিক গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান বিটিআরসি চেয়ারম্যান । এ লক্ষ্যে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত ও অপসারণের লক্ষ্যে কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দেওয়ার আহবান জানিয়ে বিটিআরসি থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
আলোচনাকালে বিটিআরসি চেয়ারম্যান বাংলাদেশের জনসাধারণের জন্য নিরাপদ অনলাইন ব্যবহার সংক্রান্ত বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণের জন্য ফেসবুক প্রতিনিধি দলকে অনুরোধ জানান। মেটার পাবলিক পলিসির প্রধান রুজান সারওয়ার বিটিআরসির মতামতকে স্বাগত জানান এবং বিটিআরসি’র সাথে আরও বেশি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





