গণমাধ্যম

আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক সন্ধ্যায়

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক।

এতে সদ্যসমাপ্ত নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা, উপজেলা পরিষদ নির্বাচন, সংরক্ষিত মহিলা আসনের এমপি পদের নির্বাচন, বিএনপি ও তার মিত্রদের আন্দোলন মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে দেশের আর্থসামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়েও আলোচনা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে দলের কার্যনির্বাহী সংসদের সদস্যদের বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ