১৫ মার্চের মধ্যে ভারতকে সেনা সরাতে বলল মালদ্বীপ


ভারতীয় সেনাদের আগামী ১৫ মার্চের মধ্যে মালদ্বীপ ছাড়তে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম দেশটির গণমাধ্যমকে বলেছেন, ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবেন না। কারণ এটাই প্রেসিডেন্ট মুইজ্জু এবং তার সরকারের সিদ্ধান্ত। তিনি বলেন, আগামী ১৫ মার্চের মধ্যে ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তে হবে। খবর হিন্দুস্তান টাইমস।
নির্বাচিত হওয়ার পর চীনে প্রথম রাষ্ট্রীয় সফরে যান মোহাম্মদ মুইজ্জু। সম্প্রতি মালদ্বীপের মন্ত্রীরা নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর ভারত প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন। মন্তব্যের জেরে তিন মন্ত্রীকে বরখাস্তও করা হয়েছিল। এর জেরে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যেই এই ঘোষণা এল।
ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে আজ রোববার ভারত ও মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়। মালেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মালদ্বীপে ভারতীয় হাইকমিশনার মুনু মাহাওয়ার উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যমকে মালদ্বীপের প্রেসিডেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর বিষয়বস্তু ছিল ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার বিষয়ে ভারতকে অনুরোধ জানানো।
যদিও এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যেই মুইজ্জু বলেন, ‘আমাদের দেশের মাটি থেকে সমস্ত বিদেশী সেনাকে আমরা ফেরত পাঠাব।’ এ ক্ষেত্রে মুইজ্জু নাম না করলেও স্পষ্টতই ভারতকে লক্ষ্য করে এ মন্তব্য করেন তিনি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মালদ্বীপে ৮৮ জন ভারতীয় সেনা কর্মকর্তা রয়েছেন।





