ভোটের মাঠে ভক্তকে কষে থাপ্পড় মারলেন সাকিব


মতিন রহমান, সিনিয়র রিপোর্টার, মাগুরা: সাকিব আল হাসান তার নিজ নির্বাচনী এলাকা ঘুরতে গিয়ে মেজাজ হারিয়ে চড় মেরেছেন তার এক ভক্তকে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছিলেন সাকিব। একটি কেন্দ্রের থেকে বের হবার পরে হঠাৎ ভক্ত ও সমর্থকরা তাকে দেখে সেলফি তুলতে যায়। এছাড়াও অনেক ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এসময় সাকিব এক ভক্তকে চড় মেরে বসেন। এই দৃশ্যটি এখন সোস্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত। এসময় সাকিব দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন। পরে তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।
মাগুরা- ১ আসন শ্রীপুর ও মাগুরা সদর নিয়ে গঠিত। এই আসনে ভোট কেন্দ্র ছিলো ১২৫টি। সব কেন্দ্র সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা করছেন মাগুরা-১ আসনের জনগণ।





