শীর্ষ নিউজ

মৃদু শৈত্যপ্রবাহের আভাস, ৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কমে গিয়ে তা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার রাতে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এর ফলে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর মাঝরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে।

বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, রংপুর বিভাগের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বুধবার সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ছিলো ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরও সংবাদ