ইসরাইলের জন্য ভয়ংকর প্রতিশোধ অপেক্ষা করছে: ইরান


ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব ইসরাইলের ইহুদিবাদী শাসক ও তার পৃষ্ঠপোষকদের সতর্ক করে বলেছেন, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর জঘন্য হামলার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ বলেছে, ইসমাইল খতিব শনিবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনকে সমর্থনকারী অন্যান্য সমস্ত সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে, ইসরাইলি অপরাধের প্রতি তাদের সমর্থনকে জবাবহীনভাবে ছেড়ে দেবে আঞ্চলিক জনগণ এবং স্বাধীনতাকামীরা।
ইরানের গোয়েন্দা মন্ত্রী সতর্ক করে বলেন, গাজাবাসীদের বিরুদ্ধে তাদের অপরাধের কারণে ইহুদিবাদী শাসক ও তার সমর্থকদের জন্য কঠোর, ধ্বংসাত্মক এবং বিপর্যয়কর প্রতিশোধ অপেক্ষা করছে।
তিনি বলেন, ‘(ইসরাইল) শাসকগোষ্ঠী কখনই পূর্ণ নিরাপত্তার মধ্যে থাকবে না। এর সামাজিক বিশৃঙ্খলা এবং রাজনৈতিক বিরোধ ভেতর ও বাইর উভয় দিক থেকেই বাড়বে।’
ইরানের গোয়েন্দা মন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের নৃশংসতা ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথকে নস্যাৎ করেছে।
যেসব দেশের সরকার ইহুদিবাদী শাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে চেয়েছিল, ইসমাইল খতিব তাদের স্মরণ করিয়ে দেন যে, পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা কাজে আসবে না।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের ‘অপারেশন আল আকসা ফ্লাড’ পরিচালনার পর থেকে গাজায় নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। এতে গাজা উপত্যকায় কমপক্ষে ৪ হাজার ৩৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক লোক। অপরদিকে হামাসের হামলায় দেড় হাজারের মতো ইসরাইলি নিহত হয়েছে।





