রাজনীতি

বিএনপির একদফায় নূরের একাত্মতা

বিএনপির একদফা কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সম্মিলিত আন্দোলন করে এ সরকারের পতন ঘটাতে হবে। তাই, আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপির এক দফার সঙ্গে সহমত পোষণ করছি।

এ সময় গণঅধিকারের নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, এদিন রাজধানীতে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ চলছে। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশে অংশ নিয়েছেন দুই দলের নেতাকর্মী ও সমর্থকরা।

দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই সমাবেশ থেকেই সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দেবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ