সাংবাদিক নাদিম হত্যা: ৯ আসামির রিমান্ড মঞ্জুর


জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় ৯ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে পাঁচ জনকে ৩ দিন করে এবং চার জনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত ৯ আসামি হলেন- মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো. মিলন (২৫), মো. তোফাজ্জল (৪০), আইনাল হক (৫৫), কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০), মকবুল (৩৫), মো. ওহিদুজ্জামান (৩০)।
এদিকে, প্রধান অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চারজনকে থানায় সোপর্দ করে র্যাব। পরে তাদের সকাল ১১টায় আদালতে পাঠানো হয় এবং প্রত্যেকের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।





