জাতীয়

সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ জুনের মধ্যে শেষ হলে আগামী সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এ রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বুধবার বিকালে আখাউড়ার খারকুট এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

রেলমন্ত্রী বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ দু’দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা দিয়ে ভারতের সঙ্গে আরও একটি আন্তঃবিভাগ যোগযোগ ব্যবস্থা স্থাপিত হবে। এতে দু’ দেশের জনগণ উপকৃত হবে।

তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যে প্রজেক্টটি শেষ হবার সময় নির্ধারণ করা আছে। লাইন ও স্লীপার বসানোর কাজও শেষ আশা করছি সেপ্টেম্বরে চালু করা যাবে। এ রেলপথের মাধ্যমে দেশের নতুন একটি অর্থনৈতিক দ্বার উন্মোচিত হবে। রেলপথে পণ্য পরিবহনের ফলে খরচ অনেকাংশে কমে আসবে।

রেলওয়ে পূর্বাঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডুয়েলগেজ রেলপথ না থাকায় এখনই আগরতলা থেকে কলকাতা সরাসরি ট্রেন চলাচল করছে না। তবে আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ হলে সরাসরি আগরতলা থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল চালু করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।

এদিকে পূর্বাঞ্চল রেলওয়ের বিদ্যমান যাত্রী চাপ কমাতে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আরও অন্তত চারটি ট্রেন দেয়া হবে বলে জানান রেলমন্ত্রী।

প্রকল্প পরিদর্শনকালে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আবু জাফর মিয়া, টেক্সমেকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কান্ট্রি ডিরেক্টর শরৎ শর্মা, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: রুহুল আমিনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ