আন্তর্জাতিক

নতুন বিরোধে জড়ালো ইরান ও যুক্তরাষ্ট্র

নতুন করে বিরোধে জড়াতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশ। তেলবাহী ট্যাংকার জব্দ নিয়ে আবারো মুখোমুখি অবস্থানে দুই দেশ। গত বৃহস্পতিবার ওমান উপসাগর থেকে যুক্তরাষ্ট্রগামী একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেন ইরানের নৌবাহিনীর সদস্যরা। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

গত শুক্রবার (২৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, দেশটির নৌবাহিনীর কমান্ডোরা হেলিকপ্টার নিয়ে অভিযান চালাচ্ছেন। তারা ‘অ্যাডভানটেজ সুইট’ নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি ট্যাংকার জব্দ করেন।

তুরস্ক পরিচালিত চীনা মালিকানাধীন ট্যাংকারটি হরমুজ প্রণালি হয়ে ওমান উপসাগরে প্রবেশ করেছিল। এটি কুয়েত থেকে মার্কিন জ্বালানি কোম্পানি শেভরনের জন্য তেল নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল।

তেল বহনকারী ট্যাংকারটি জব্দের বিষয়ে ইরান জানায়, ট্যাংকারটি ইরানের একটি নৌযানকে ধাক্কা দিলে নৌযানের বেশ কয়েকজন ক্রু পরে গিয়ে নিখোঁজ হন এবং আহত হন অন্য ক্রুরা। এ ঘটনার পর ট্যাংকারটিকে রেডিওতে বার্তা দেওয়া হলেও শোনেনি। এর আট ঘণ্টা পরে ট্যাংকারটি জব্দ করা হয়।

এদিকে ট্যাংকারটি অ্যাডভানটেজ ট্যাংকার নামের তুরস্কের একটি প্রতিষ্ঠানের। ট্যাংকারটির ব্যবস্থাপক বলেন, জব্দ ট্যাংকারে ২৪ জন ক্রু সদস্য রয়েছেন। তাঁরা ভারতীয় নাগরিক।

ইরানের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহর। এক বিবৃতিতে তারা জানান, ‘ইরানের এ ধরনের পদক্ষেপ সামুদ্রিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি।’

গত দুই বছরে অন্তত পাঁচটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরান বলে দাবি করে মার্কিন নৌবহর।

এদিকে গত শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তার আওতায় সম্প্রতি একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র। এরই প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রগামী ট্যাংকার জব্দ করল ইরান।

এই বিভাগের আরও সংবাদ