চিনির দাম বাড়ার বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ঈদকে সামনে রেখে বাজারে চিনির চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৬ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল’ (জেপিবিপিসি) এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, লক্ষ্য করেছি যে চিনির দাম একটু ঊর্ধ্বমুখী। আমরা বলেছিলাম চিনির দাম পাঁচ টাকা কমাবো। পরবর্তীকালে হিসাব-নিকাশ করে দেখা যায় তিন টাকা ৫০ পয়সা কমানো যায়। যখনই এটা আলোচনা চলছিল তখনই চিনির দাম আবার বাড়ানো হয়। রমজানের শেষ দিকে ঈদ ঘিরে চিনির চাহিদা অনেক বেড়েছে। যে কারণে দামও বেড়েছে। দাম যে বেড়েছে এ নিয়ে কোনও সন্দেহ নেই।
তিনি বলেন, সারা পৃথিবীজুড়েই চিনির দাম বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। যখন আমরা সব ঠিকঠাক করি…গত ১৫ দিনে বিশ্ববাজারে দাম আরও ১০০ ডলার বেড়ে গেছে। বর্ধিত মূল্যের চিনি বাংলাদেশে ঢোকেনি এখনো কিন্তু আপনারা জানেন, ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে। আগামীতে (দাম) বাড়বে, তারা আগে থেকেই শুরু করে। ঈদের সময় সেমাই আছে, চিনির ওপর প্রভাব পড়েছে, হঠাৎ করেই চাহিদ বেড়ে গেছে। সেই জন্য দাম বেড়েছে, বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করছি। এতো বিশাল মার্কেট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আসলে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণ রাখার জন্য, যতদূর পারা যায় আরকি।





