নরসিংদী

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলার শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সরক দুর্ঘটনায় সানজিদা আক্তার মালা (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক দেড়টার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, নিহত সানজিদা শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ এর ছাত্রী। সে এ বছর এইচএসসি পাশ করে।সানজিদা আক্তার মালা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামের শহিদুল ইসলামের একমাত্র মেয়ে। শহিদুল ইসলাম একজন পশু চিকিৎসক।

এই বিভাগের আরও সংবাদ

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে সানজিদা তার বাবার মোটরসাইকেল যোগে কম্পিউটার ক্লাস করার উদ্দেশ্যে বাড়ি থেকে সড়কে বের হয়। পরে সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পিছনে বসা সানজিদা ছিটকে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক সানজিদার মাথায় চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে যায় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি নূর হায়দার তালুকদার জানিয়েছেন, “সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এবিষয়ে খোঁজ নিচ্ছি।”

এই বিভাগের আরও সংবাদ