ইবিতে তারুণ্য’র ১০ দিন ব্যাপি কর্মসূচি


যায়িদ বিন ফিরোজ, ইবি: জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য ১০ দিন ব্যাপি রক্তদাতা সদস্য সংগ্রহ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির করিডোরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ও রক্তদান বিষয়ে নানাভাবে উদ্ভুদ্ধ করা হয়।
এবিষয়ে সংগঠনটির সভাপতি আশিফা ইসরাত জুঁই বলেন, আমাদের কাছে প্রতিদিন ৮ থেকে ১০ ব্যাগ রক্তের আবেদন আসলেও দৈনিক গড়ে ৪ থেকে ৫ ব্যাগ রক্তের চাহিদা পূরণ করা যায়। এ ঘাটতি পূরণ এবং লোকজনের মধ্যকার ভয় ও জড়তা কাটানো তারুণ্যের রক্তদান কর্মসূচিই একটা অংশ।
প্রসঙ্গত, “অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য” এ উপজীব্যকে ধারণ করে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠালগ্ন থেকে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রক্তদান, বৃদ্ধাশ্রমে সহায়তা, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি ইত্যাদি।





