রোববার খুলছে সুপ্রিম কোর্ট


গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সাপ্তাহিক, সরকারি ছুটিসহ সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময় মিলে ৪৪ দিন বন্ধ ছিল কোর্ট। রোববার (১৬অক্টোবর) থেকে নিয়মিত হচ্ছে আদালতের কার্যক্রম।
রোববার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৫টি বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকা প্রকাশ করা হয়েছে। আপিল বিভাগের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে রোববারের কার্যতালিকায় শুনানির জন্য ১ হাজার ৬৫৮টি মামলা রয়েছে। এদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।



