কালিহাতীতে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত


জাহাঙ্গীর আলম, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। এছাড়াও ১০-১২ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সল্লা প্রামানিক মার্কেট প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সিনিয়র নেতাকর্মীসহ বিএনপির বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে আগামী ১২ অক্টোবর সল্লাতে উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এরই প্রতিবাদে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে সল্লা এলাকাতে শোডাউন দেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় তারা প্রামানিক মার্কেটের কাছে আসলে ঢাকা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফারুক হোসেন বাবু, জহিরুল, শহীদ, তপু, রঞ্জু মোল্লা, আমির হোসেন, বকুল মিয়া, জনি রহমানসহ দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



