ক্যাম্পাস

মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাচ্ছে কুবি প্রশাসন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, শহীদ মিনারের আশেপাশে ও বিভিন্ন হলগুলোতে নিয়মিত মাদকের আসর বসে বলে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ অনেকদিন থেকেই। এই অভিযোগ আমলে নিয়েই এবার মাদক বিরোধী অভিযানে নামছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রক্টরিয়াল বডিতে যারা আছে তাদের জন্য একটা শিডিউল দেয়া হয়েছে। যেখানে প্রতিদিন রাতে প্রক্টরিয়াল বডি টহল দিবে। সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরাও সার্বক্ষণিক পাহারা দিবে।

এদিকে প্রক্টরিয়াল বডি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কেন্দ্রীয় খেলার মাঠ ও শহীদ মিনার সংলগ্ন স্থানে একটা নিরাপত্তা চৌকি স্থাপনের প্রস্তাব জানানো হয়েছে। একইসাথে সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত প্রবেশেও সীমাবদ্ধতা থাকবে বলে জানিয়েছে প্রক্টরিয়াল বডি।

এই বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানান, ইতোমধ্যে প্রতিদিন আমরা টহল দেয়া শুরু করেছি। গতকাল আমি নিজে টহল দিয়ে এসেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে যদি এসব কাজে জড়িত পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, প্রশাসনের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। প্রশাসনের এমন উদ্যোগের ফলে অনেকেই মাদক থেকে দূরে থাকবে এবং ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরে আসবে। আমি চাই প্রশাসনের এই অভিযান সবসময় অব্যাহত থাকুক।

প্রসঙ্গত, গত ১৯ জুন মাদক সেবনকালে একজন শিক্ষার্থী সহ মোট ৪ জনকে আটক করে প্রক্টরিয়াল বডি। তারপর আটককৃতদের কাছ থেকে সরবরাহকারীদের তথ্য আদায় করা হয়। পরবর্তীতে সেই তথ্যের প্রেক্ষিতে প্রক্টরিয়াল বডির অনুরোধে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এক বাড়ি থেকে গাঁজা সরবরাহকারী এক নারীকে গাঁজাসহ আটক করে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ