ক্যাম্পাস

রাবির ‘বি’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) থেকে মৌখিক সাক্ষাৎকার শুরু হবে। শেষ হবে ২৮ আগস্ট।

সোমবার (২২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এক বিজ্ঞপ্তিতে ‘বি’ ইউনিটের ভর্তির নির্দেশনা দিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ২৪, ২৫ ও ২৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নম্বর কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকারের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। ভর্তি কার্যক্রম আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে।

এতে আরও বলা হয়েছে, নির্বাচিত ছাত্রছাত্রীদের ১-৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে অফিস চলাকালীন বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডিনস কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নম্বর ৩১৮) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধের অপশন বেছে নিতে হবে। প্রথমবর্ষের ক্লাস আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ