বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজট


জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস হতে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে পৃথক দুইটি দূর্ঘটনায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে রাবনা বাইপাস পর্যন্ত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে ৯টার পর এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হলেও এলেঙ্গা হতে রাবনা বাইপাস পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। মহাসড়কে যানজটের ফলে চরম বিপাকে পড়েছে যাত্রী ও চালকরা।
জানা গেছে, ভোরের দিকে ঢাকা -বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাক ও কাভাডর্ভ্যান সংঘর্ষ হয়। এছাড়া সকালের দিকে মহাসড়কের ভাবলা এলাকায় ৩নম্বর ব্রিজের উপর বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। ফলে দূর্ঘটনা ও পরিবহন বিকল হওয়ার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, মহাসড়ক থেকে দূর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। সকাল ৯টার পর থেকে এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের অংশে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, মহাসড়কে পরপর দুইটি দূর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।



