ক্যাম্পাস

রাবিতে ইসলামের ইতিহাস অ্যালামনাই সম্মেলন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন প্রাঙ্গনে পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, ও কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক। এরপর এক শোভাযাত্রা শেষে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ইমেরিটাস ড. এ কে এম ইয়াকুব আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান ও ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অধ্যাপক শামসুজ্জোহা এছামী। বিভাগের শিক্ষক অধ্যাপক দিলশাদ আরা বুলু ও অধ্যাপক মো. মাহফুজুর রহমান উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম পথিকৃত বিভাগ। ছয় দশকেরও বেশি সময় ধরে এই বিভাগ নিজ বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় যে ঐতিহ্যের ধারা বজায় রেখে চলেছে তা অনুকরণীয়। এই বিভাগের শিক্ষার্থীরা দেশ-বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে যে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে তাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় গৌরবান্বিত। আগামীতেও এই ধারা অক্ষুণœ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুই দিনব্যাপী সম্মেলনের কর্মসূচিতে আরো রয়েছে স্মৃতিচারণ, সাধারণ অধিবেশন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কল্যাণ তহবিল গঠন বিষয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এতে প্রায় সাতশত প্রাক্তন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

এই বিভাগের আরও সংবাদ