ক্যাম্পাস

রাবির ৫ নারী শিক্ষার্থীর ভাবনায় নারী দিবস

আশিক ইসলাম, রাবি প্রতিনিধি: আজ ৮ মার্চ, আর্ন্তজাতিক নারী দিবস। নারীর জন্য উৎস্বর্গ করা একটি দিন। প্রতি বছরের মতো এবারো বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।’

একবিংশ শতাব্দীতে নীতি নির্ধারণ পর্যায়ে অনেকটাই এগিয়েছে নারীরা। জিডিপিতেও আছে নারীর সম্মানজনক অবদান। ভন্দুর এই পথ পাড়ি দিতে প্রতিনিয়ত ঘরে বাইরে যে সংগ্রাম করছে নারীরা তার খবর কজনই বা রাখে। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে তাদের জাগ্রত করাই নারী দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নারী দিবস উপলক্ষে নারীর চাওয়া-পাওয়া ও স্বাধীনতা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ নারী শিক্ষার্থীর ভাবনা ও মতামত তুলে ধরেছেন- আশিক ইসলাম।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌ সাহা বলেন, একাবিংশ শতাব্দীতে এসেও নারীরা বিভিন্নভাবে নির্যাতন ও অবহেলার শিকার। সেটা হোক বস্তুগত বা অবস্তুগত অধিকার। নিরাপত্তা হীনতায় ভুগছে হাজারো নারী। কর্মক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাঙ্গন, কোথাও তারা নিরাপদ নয়। ধর্ষণ নিপীড়নের ধ্বংসস্তুপ হয়ে চলেছে গোটা পৃথিবী। তাই এই দিবসে আমার চাওয়া- নারীর সুস্বাস্থ্য ও সমঅধিকার রক্ষায় সরকারের হস্তক্ষেপের পাশাপাশি নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তবেই এই দুর্দশা থেকে নারীরা মুক্তি পাবে।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার বলেন, পুরুষ শাসিত সমাজে নারী বৈষম্য দূরীভূত করে সমতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতি বছর নারী দিবস পালন করা হয়। পৃথিবী শিল্পায়িত হয়েছে, আধুনিকায়ন ঘটেছে তবুও নারীরা পুরুষ কর্তৃক নিয়ন্ত্রিত। কিছু নারী হয়তো সীমানা পেরিয়ে স্বাধীনতা উপভোগ করছে, কিন্তু তাদেরকেও প্রতিটি পদক্ষেপে হাজারো বাঁধা মোকাবেলা করতে হয়। তাই শুধুমাত্র একটি দিবসের মধ্যে নারীর মর্যাদা, নারীর প্রতি সম্মান প্রদর্শন সীমাবদ্ধ না রেখে একজন নারীকে ‘মানুষ’ হিসেবে বাঁচতে দেওয়া কাম্য।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈমা আকন্দ জানা বলেন, একুশ শতকেও সমাজে অনেক ক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে দেখা হয়। যা একজন নারীর জন্য অপমানজনক। একই কাজে, একই পেশায় আজও নারীকে প্রমাণ করতে হয়, সে তার পুরুষ সহকর্মীর চাইতে একটু বেশি যোগ্যতা সম্পন্ন। তারপরও বলা হয় তাকে কাজের জন্য নয়, নারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের বদলে যাওয়া সমাজের সঙ্গে পুরুষতান্ত্রিক সমাজের এই দৃষ্টিভঙ্গিরও ঘটাতে হবে আমুল পরিবর্তন। আজ নারীরা শক্ত হাতে দেশ চালাচ্ছে, পাড়ি দিচ্ছে মহাকাশে। নারী নেতৃত্বে বিশ্ব রাজনীতিতে শক্ত অবস্থান করে নিচ্ছে বিভিন্ন দেশ। আমাদের দেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব রাজনীতির মাঠ বদলে দেওয়া নারী নেতৃত্বের প্রকৃষ্ট উদাহরণ। সেখানে নারীরা কেন পিছিয়ে থাকবে? আমাদের উচিত পুরুষের সঙ্গে কাধে কাধ মিলিয়ে দেশকে তথা গোটা বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়া।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাওদা জামান রিশা বলেন, ন-তে নারী, দুই অক্ষরেই এই মানব সত্ত্বার মাঝেই বাস করে মাতা-ভগ্নি-বন্ধু-প্রেয়সী। যারা ধরিত্রীর ন্যায় আগলে রাখে এই ধরাধরে সংসারকে কখনো পরিবারকে আবার সেই নারীই শক্ত হাতে পরিচালনা অফিস, আদালত, কারখানা। তাদের কঠোর পরিশ্রমেই দেশের অর্থনীতি যুক্ত হয় নতুন মাত্রা। কিন্তু তাদের কাজের ক্ষেত্রগুলো কতটুকু নিরাপদ? তা আমরা অল্প সময়ের জন্যও ভাবি না সারাবছর। কোনো অনুষ্ঠান সেমিনারে আমরা যতটা বজ্রকণ্ঠি তা ব্যক্তিগত জীবনে সত্য কতটা? মঞ্চে যা বলি তার প্রয়োগ কখনো হয় না। যা মুখে আওড়াই তা বিশ্বাস করলেও অনেক সমস্যার সমাধান সম্ভব হতো। কিন্তু সেই সম্ভব কবে হবে? এই দিনের সন্ধান সেদিনই আসবে যেদিন আপামর সামাজিকীকরণে পরিবর্তন আসবে। তার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে। সেই দিনের অপেক্ষা হয়তো দীর্ঘ কিন্তু অসম্ভব নয়। আসুন যার যার স্থান থেকে এগিয়ে যাই একটি সুন্দর পৃথিবীর মানসে।

উর্দু বিভাগের শিক্ষার্থী তাসবিয়া ইসলাম তুলি বলেন, নারী একজন মেয়ে, একজন মা। এই নারীর ব্যাপ্তি এতোটাই দৃঢ় ও শক্তিধর যে আমাদের জন্মস্থান, দেশ এবং পৃথিবীকে একজন নারী, একজন মায়ের আসনে বসানো হয়। একজন নারী একই সঙ্গে মমতাময়ী আবার বিরূপ পরিস্থিতিতে কঠোর হস্তে সমস্যার মোকাবিলাকারী। এই নারী যেমন ঘর সামলায় তেমনি দেশকেও নিজের মমতা, দক্ষতা দিয়ে আগলে রাখে। কিন্তু তারা সব সামলাতে গিয়ে প্রতিপদে হয় বিপর্যস্ত। রাস্তায়, কর্মস্থলে শিক্ষাপ্রতিষ্ঠানে সব জায়গাতে তারা বৈষম্যের শিকার। নারীরা যেমন নিজের কর্মদক্ষতা দিয়ে সামনে এগোতে চায় আর নিজের শক্তি দিয়ে সবকাজে অংশ নিয়ে পৃথিবীকে এক ধাপ এগিয়ে দিতে চায়, তাদের সে সুযোগটা করে দেয়ার মানসিকতা সবার থাকা উচিত। আর এই লক্ষ্যেই আমাদের নারী দিবসকে গ্রহণ করা উচিত। নারীদের যথাযথ সম্মান করা উচিত। কারণ নারী ছাড়া পৃথিবী যেন এক পা ছাড়া একজন মানুষ।

এই বিভাগের আরও সংবাদ