খুলনায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত, চালক আটক


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর রুপসা শিপইয়ার্ড এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী রবিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদুরে উক্ত দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাক চালককে আটক করেছে। নিহত সুজন রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে।
লবনচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯ টার দিকে একটি মোটর সাইকেল রূপসা ব্রীজ পার হয়ে খুলনার দিকে আসছিল। মোটর সাইকেলটি শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেল থেকে সুজন নামে এক আরোহী পড়ে গেলে ট্রাকের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক চালক আজমীর হোসেনকে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করে। সে পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে সে। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো: এনামুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন , ঘটনাস্থল থেকে ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। নিহতের পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হয়েছে।



