ক্যাম্পাস

রাবির চারুকলায় লাশ হয়ে আসলো হিমেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণ সামগ্রী বহনকারী এক ট্রাকের চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেলের মরদেহ চারুকলা অনুষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তার মরদেহ নিয়ে আসা হয়। মরদেহ নিয়ে আসা হলে পুরো চারুকলা প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া।

নিহতের জন্য শিক্ষক এবং বন্ধুবান্ধব সকলে কান্নায় ভেঙে পড়েন। অনেকে নিহত হিমেলের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, চারুকলা অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়। এ সময় প্রক্টর লিয়াকত আলী ঘটনাস্থলে আসলে তাকে ধাওয়া দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় দুই ঘণ্টা ওই অবস্থায় লাশ পড়ে থাকার পর বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।

এদিন রাতে শিক্ষার্থীরা ৬-দফা দাবি তুলে আন্দোলন চালিয়ে যান। দাবিগুলো হলো- প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, নিহত শিক্ষার্থীর বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান, ঠিকাদারি প্রতিষ্ঠান পাল্টানো এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করা।

এদিকে বুধবার (২ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে প্যারিস রোডে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টরিয়াল বডিকে প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এ সময় উপাচার্য নিহত শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার পাশাপাশি তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের সকল দাবি মেনে এক সঙ্গে এ সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস প্রদান করেন। এ সময় মহানগরের মেয়র এএইসএম খাইরুজ্জামান লিটনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ